
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ওয়েল মিলে কাজ করতে গিয়ে হাত বিচ্ছিন্ন হয়ে সাথী দেবনাথ ( ৩৫)একজন নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার ২৫ অগাস্ট দুপুরে উপজেলার পোড়াবাড়িয়া জামতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাথী দেবনাথ উপজেলার নারান্দী গ্রামের মৃত বলরাম দেবনাথের স্ত্রী। তিনি গত দুই বছর ধরে পোড়াবাড়িয়া জামতলা বাজারে অবস্থিত জিসান অয়েল মিলে অপারেটর হিসেবে কাজ করছিলেন।
জানা গেছে, উপজেলার পোড়াবাড়িয়া জামতলা বাজারে অবস্থিত জিসান অয়েল মিলে কাজ করছিলেন ওই নারী। সোমবার দুপুরে কাজ করার এক পর্যায়ে মেশিনে ওড়না পেঁচিয়ে বাম হাত মেশিনের ভেতরে ঢুকে যায় ওই নারীর। পরে মেশিন বন্ধ করে হাত বিচ্ছিন্ন অবস্থায় দ্রুত তাকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিলের মালিক আবদুর রাজ্জাক ভূঁইয়া রুবেল বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। দুই বছর আগে ওই নারীর স্বামী মারা যান। আমার কাছে কাজ চাইলে তাকে অপারেটর হিসেবে নিয়োগ করি। কোনোদিনই এমন ঘটনা ঘটেনি। তার মৃতুতে গভীর শোক জানাচ্ছি। আমার পক্ষ থেকে পরিবারটির পাশে থাকার চেষ্টা করব।
পাকুন্দিয়া থানার ওসি মো. সাখাওয়াৎ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply