1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নিহত কুলিয়ারচরের ডা. মুস্তাফিজুর রহমানের বাবার দাফন সম্পন্ন

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৪৮৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের কান্দিগ্রামের বাসিন্দা ঢাকা মহাখালী জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক (গ্যাস্ট্রোএন্টারোলজি) ডা. মো. মুস্তাফিজুর রহমান (রনি)’র বাবা ভৈরব নিউ লাইফ মেডিকেল সেন্টারের পরিচালক আলহাজ্ব মো. মহরম আলী ভূইয়ার (৭০) দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার,১৪ অগাস্ট বাদ জোহর কুলিয়ারচর উপজেলার দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ সমাহিত করা হয়। 

বুধবার, ১৩ অগাস্ট ভৈরব থেকে বাসযোগে নিজ বাড়ি ফেরার পথে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মৃত্যুবরণ করেছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

নিহতের চাচাত ভাই আল মামুন ভূঁইয়া জানান, বুধবার, ১৩ অগাস্ট বিকেল সাড়ে  ৫টার দিকে ভৈরব থেকে কুলিয়ারচর ফেরার সময় মহরম আলীকে চেতনানাশক স্প্রে করে মোবাইল নিয়ে যায় দুর্বৃত্তরা। প্রায় অজ্ঞান অবস্থায় নিজ বাড়ির বাসস্ট্যান্ড দ্বাড়িয়াকান্দি পৌঁছানোর পর তিনি সন্দেহভাজন এক অজ্ঞান পার্টির সদস্যকে নিজেই ধরে নিয়ে বাস থেকে নামেন এবং স্থানীয়দের জানান, তাকে কিছু স্প্রে করা হয়েছে। এরপর তিনি অজ্ঞান হয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, ভৈরব থেকে অজ্ঞান পার্টির সদস্যরা তার পিছু নিয়েছিল।

স্থানীয়রা আটক ব্যক্তিকে শনাক্ত করেন রুবেল হিসেবে, যার বাড়ি ভৈরব পৌর শহরের চন্ডিবের এলাকায়। তাকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। মহরম আলীকে তাদের গড়া ভৈরব নিউ লাইফ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আটক রুবেল নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, তাকে বাস থেকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে এবং তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন।

এ ব্যাপারে বৃহস্পতিবার সোয়া ২টার দিকে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফূয়াদ রুহানী’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে কুলিয়ারচর থানা থেকে আমাকে অবগত করা হয়েছে। আটক রুবেলের বিরুদ্ধে কুলিয়ারচর থানা প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

বৃহস্পতিবার, ১৪ অগাস্ট দুপুর আড়াইটার দিকে এ ব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অজ্ঞান পার্টির সদস্য সন্দেহে রুবেল নামে এক যুবককে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। তবে মহরম আলী নামে এক ব্যাক্তি চেতনানাশক প্রয়োগের কারণে মারা গেছেন কিনা বা অন্য কোনো কারণে মারা গেছেন-তা জানা যায়নি। মরহুমের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দায়ের করেনি।

তাই মরহুমের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়নি, মৃত্যুর সঠিক কারণও জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং