
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের আনন্দ মিছিলে অংশ নিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে আল আমিন (৪৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার, ৫ অগাস্ট বেলা সাড়ে ১১ টার দিকে পাকুন্দিয়া উপজেলা সদরের পাট মহাল এলাকায় এ ঘটনা ঘটে।
আল আমিন উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কন্দরপদী গ্রামের লিটন মিয়ার ছেলে। তিনি পাকুন্দিয়া উপজেলা বিএনপির সদস্য।
পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন বিডিচ্যানেলফোরকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে পাকুন্দিয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি, সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ফ্যাসিস্ট সরকারের পতন ও পালায়ন দিবস উদযাপন উপলক্ষে আনন্দ মিছিলের আয়োজন করা হয়। বেলা সাড়ে ১১টার সময় উপজেলার বুরুদিয়া ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে পাটমহালে উপজেলা বিএনপির অফিসের সামনে আসেন। এ সময় বিএনপি নেতা আল আমিন অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূর-এ-আলম খান জানান, আল আমিন নামে একজনকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। অতিরিক্ত গরমের কারণে তিনি স্ট্রোক করে মারা গেছেন বলে ধারণা এই চিকিৎসকের।
Leave a Reply