
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের পূর্ব হাত্রাপাড়া গ্রামের বাসিন্দা আনোয়ার সিরাজী সবজিপ্রেমে রীতিমতো বিস্ময় সৃষ্টি করেছেন। স্থানীয়ভাবে তিনি পরিচিত ‘বিস্ময় মানব’ হিসেবে। কারণ, তিনি যে শুধু সবজি ভালোবাসেন তাই নয়—তিনি গাছের কাঁচা সবজি, এমনকি পাতা-লতাও দিব্যি চিবিয়ে খেতে পারেন!
সিরাজ উদ্দীন মাস্টারের ছেলে আনোয়ার সিরাজী দীর্ঘ ১০ বছর ধরে কাঁচা সবজি খেয়েই জীবনধারণ করে আসছেন। ১০ বছর আগে হেপাটাইটিসে আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শে বেশি করে শাক-সবজি খাওয়া শুরু করেন। এরপর থেকেই তিনি ওষুধের পাশাপাশি প্রতিদিন নানা জাতের কাঁচা শাক-সবজি খাওয়াকে নিজের অভ্যাসে পরিণত করেন।
স্থানীয়দের মধ্যে তার এই ব্যতিক্রমী অভ্যাস ব্যাপক কৌতুহলের জন্ম দিয়েছে। আত্মীয়স্বজন থেকে শুরু করে পাড়া-প্রতিবেশি, সবাই তার কাঁচা সবজি খাওয়ার অভ্যাস সম্পর্কে অবগত। এমনকি দূর-দূরান্ত থেকেও অনেকেই ছুটে আসেন এই ‘সবজি মানবকে একনজর দেখার জন্য।
সম্প্রতি দুপুরের সময় দেখা যায়, তিনি একটি থালা ভর্তি কাঁচা সবজি নিয়ে বাগানে বসে নানা জাতের সবজি চিবিয়ে খাচ্ছেন। পটল, ঝিঙে, বেগুন, লাউ, শিম—সবই তার প্রিয়। তবে রান্না নয়, তিনি এগুলো খেতে পছন্দ করেন একেবারে কাঁচা অবস্থায়।
আনোয়ার সিরাজীর ভাষায়, “প্রথমে অভ্যাস করতে কষ্ট হলেও এখন কাঁচা সবজি ছাড়া চলেই না। আল্লাহর রহমতে শারীরিকভাবেও ভালো আছি।”
Leave a Reply