
কিশোরগঞ্জের করিমগঞ্জে চলতি রোপা আমন ধানের ভেজাল বীজ কিনে প্রতারণার শিকার হয়েছেন শতাধিক কৃষক।
সেকান্দর ভূঁইয়া(৫০) নামে এক কৃষকসহ কয়েকজন কৃষক করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর বাজার থেকে এসব বীজ কেনেন। নিয়ামতপুর বাজারের বীজ ব্যবসায়ী সোহাগ এবং আউয়াল ব্রি- ২২ জাতের বীজের কথা বলে শতাধিক কৃষককের কাছে নকল বীজ ধান বিক্রি করেছেন বলে অভিযোগ উঠেছে।
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান,নিয়ামতপুর বাজারের বীজ ব্যবসায়ীদের কাছ থেকে কেনা বীজ ধান থেকে চারা গজানোর পর তা ক্ষেতে রোপনের পর সব ক্ষেতে ধানের চিটা শীষ বের হয়েছে। ফলে উরদিঘী,সুলতাননগর,খয়রতসহ বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত শতাধিক কৃষকের প্রায় ৩০ একর জমিতে ধানের ফলন বিপর্যয় দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত অনেক কৃষকই আশপাশের এলাকা থেকে অধিক মূল্যে ধানের চারা রোপন করেছেন। এ নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বুধবার, ১৮ ডিসেম্বর সরেজমিনে ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়। নিয়ামতপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হেলিম বলেন,ভেজাল বীজ ধান কিনে এলাকার অনেক কৃষকের প্রতারিত হওয়ার বিষয়টি আমি শুনেছি। আমি খোঁজ নিয়ে জেনেছি,আব্দুল আউয়াল নামের একজন বীজ ব্যবসায়ী এলাকার কৃষককের কাছে এসব ভেজাল বীজধান বিক্রি করেছে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে ব্যবসায়ীদের সমঝোতার কথা চলছে।
করিমগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মুখছেদুল হক বিডিচ্যানেল ফোরকে বলেন,নকল বীজ ধান কিনে গুণধর ইউনিয়নের অনেক কৃষক প্রতারণার শিকার হওয়ার বিষয়টি আমি শুনেছি। তিনি আর ও বলেন,এলাকার কৃষকরা বীজ ধান কেনার আগে আমাদের অফিসের পরামর্শক্রমে যাচাই-বাছাই করে বীজ ধান ক্রয় করলে তারা প্রতারণার শিকার হতেন না।
Leave a Reply