
ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়ায় গরুবাহী পিকআপ ভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এছাড়া দুর্ঘটনায় পিকআপে থাকা ছয়টি গরুরও মৃত্যু হয়েছে।
সোমবার, ৬ জুলাই বেলা সাড়ে ৩টার দিকে পাকুন্দিয়া উপজেলার সুখিয়া বাজারের ব্র্যাক ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার শিকার বাসটি ঢাকা-কিশোরগঞ্জ রুটে চলাচলকারী ‘অনন্যা ক্লাসিক’ পরিবহন । ঘটনার সময় বাসটি ঢাকা থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল। অপরদিকে গরুবোঝাই তিনটি পিকআপ ভ্যান কিশোরগঞ্জ থেকে নরসিংদীর দিকে যাচ্ছিল, যার মধ্যে সামনে থাকা পিকআপটির সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় নিহতরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী। আর আহত দুইজন বাসের চালক ও সহযোগী (হেলপার)। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিস স্টেশন ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান দুর্ঘটনার তথ্যটি বিডিচ্যানেলফোরকে নিশ্চিত করেছেন।
Leave a Reply