1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

ইউএনওর হস্তক্ষেপে ভাস্করখিলা বিলে জলাবদ্ধতা নিরসন, শুরু হচ্ছে খাল খনন

নূর আহাম্মদ পলাশ, চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

 

অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের ভাস্করখিলা বিলে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে উদ্যোগ নেয়া হয়েছে। বিলে জমে থাকা পানির কারণে ডুবে যাওয়ার আশঙ্কায় থাকা বোরো ফসল রক্ষায় খাল খননের কাজ শুরু হতে যাচ্ছে।

জানা গেছে, ভাস্করখিলা বড় বিল, মধ্য বিল ও উত্তরের বিলসহ বিস্তীর্ণ এলাকায় কয়েক হাজার হেক্টর জমির বোরো ধান পানির নিচে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়ে। স্থানীয়দের অভিযোগ, কিছু ব্যক্তি অপরিকল্পিতভাবে ফিসারী খনন করায় পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকরা সোমবার, ২০ এপ্রিল সকালে মানববন্ধন করে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান। খবর পেয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ ঘটনাস্থল পরিদর্শনে যান এবং কৃষকদের আশ্বস্ত করেন।

পরিদর্শনকালে তিনি একটি ফিসারী খননের কারণে সৃষ্ট জলাবদ্ধতা চিহ্নিত করে তা নিরসনের নির্দেশ দেন। পাশাপাশি ভাস্করখিলা থেকে মাইজখাপনের পাচধা পর্যন্ত খালের উৎস মুখে থাকা বাঁধ অপসারণের নির্দেশ দেয়া হয়। কৃষকদের দাবির প্রেক্ষিতে খালটি পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে, যা দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা জয়নাল আলম তালুকদার, মহিনন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী, ভূমি সহকারী কর্মকর্তা জ্যোতির্ময় রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাছিরুজ্জামান সুমনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও শতাধিক কৃষক।

স্থানীয় কৃষকরা দ্রুত এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা দূর হয়ে তাদের ফসল রক্ষা পাবে বলে আশা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং