1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

অবশেষে হাতপাখা নিয়ে লড়বেন বিএনপির মনোনয়ন বঞ্চিত সাবেক এমপি শাহীন

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সদ্য পদত্যাগকারী বিএনপির সাবেক সংসদ সদস্য শাহ্ নূরুল কবীর শাহীন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি হাতপাখা প্রতীকে নির্বাচনে অংশ নেবেন।

সোমবার, ২৯ ডিসেম্বর বিকেল ৪টায় ঈশ্বরগঞ্জ সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে শাহ্ নূরুল কবীর শাহীন বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্দেশনা পেয়ে আমি এই মনোনয়নপত্র জমা দিয়েছি। ঈশ্বরগঞ্জ উপজেলার তৃণমূল পর্যায়ে আমার বিপুল জনসমর্থন রয়েছে। এমপি থাকাকালীন সময়ে এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি এবং আমার পরিচ্ছন্ন রাজনীতি এবং উপজেলা ব্যাপী উন্নয়নের স্বাক্ষর রয়েছে।

তিনি আরও বলেন, আশা করি জনগণ আমাকে ভুলবে না। বিগত দিনে আমি জনগণের পাশে ছিলাম আগামী দিনেও জনগণের পাশে থেকে সেবা করার সুযোগ পাবো বলে আমি বিশ্বাস করি।  আমি যদি এমপি নির্বাচিত হই তবে সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত আলোকিত ঈশ্বরগঞ্জ গড়ব। দীর্ঘদিন উন্নয়নবঞ্চিত ঈশ্বরগঞ্জবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতেই আমি এই জোটে যোগদান করেছি এবং বাকি জীবন এই জোটের সঙ্গেই কাজ করতে চাই।”

আসন্ন নির্বাচন প্রসঙ্গে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমার পক্ষে জনগণের যে ব্যাপক সাড়া রয়েছে তাতে আমার বিশ্বাস আমি বিপুল ভোটে জয়লাভ করতে সক্ষম হবো।

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ বলেন, জোটগতভাবে আমরা জননন্দিত সাবেক সংসদ সদস্য শাহ্ নূরুল কবীর শাহীনের মাধ্যমে হাতপাখা প্রতীকে মনোনয়নপত্র জমা দিয়েছি। তিনি একজন সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ দল বা ব্যক্তিকেন্দ্রিক রাজনীতিতে বিশ্বাসী নয়; আমরা যোগ্যতা, সততা ও আদর্শকে গুরুত্ব দিই।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে আমরা সৎ কর্ম ও ইসলামী আদর্শের মূল্যবোধের ভিত্তিতে এই যোগ্য প্রার্থীকে জয়যুক্ত করে ঈশ্বরগঞ্জে একটি মডেল ও আদর্শ উপজেলা গড়ে তুলতে চাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং