কিশোরগঞ্জে ১৮ বছর আগে সদর উপজেলার গাইটাল নয়াপাড়া এলাকার বাসিন্দা হোটেল কর্মচারী জয়নাল আবেদীনকে গলা কেটে হত্যার মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
বুধবার, ২৫ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক মোহাম্মদ জহির উদ্দিন চাঞ্চল্যকর হত্যা মামলার এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল নয়াপাড়া এলাকার শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহের।
নিহত জয়নাল আবেদীনও একই এলাকার বাসিন্দা ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জয়নাল আবেদীন ২০০৮ সালের ১১ জানুয়ারি কিশোরগঞ্জ শহরের বটতলা এলাকার কোহিনুর হোটেলে কর্মচারী হিসাবে কাজ করতেন । ঘটনার দিন সন্ধ্যা ৭ টার দিকে হোটেলে আসেন শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহের। একপর্যায়ে চা-পুরি খাওয়ানোর কথা বলে জয়নালকে সঙ্গে নিয়ে যান তারা। এরপর আর বাড়ি ফেরেননি তিনি।
পরদিন ১২ জানুয়ারি সদর উপজেলার গাইটাল নয়াপাড়া এলাকার মাটিকাটা বিলের মাঝখান থেকে জয়নাল আবেদিনের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
প্রথম দিকে টাকা-পয়সার বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের মানিকসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তোলেন নিহতের স্ত্রী। পরে মানিক ভুঞা ও জামিল উদ্দিনকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করে পুলিশ।
পরবর্তী সময়ে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে মামলা তদন্তের দায়িত্ব দেন আদালত । তদন্তে আগের গ্রেফতার ব্যক্তিদের হত্যাকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় তাদের নাম মামলা থেকে বাদ দেয় সিআইডি। পরে তদন্ত শেষে শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহেরের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে সিআইডি।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন, কিশোরগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. মিজানুর রহমান।