কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের পশ্চিম জাওয়ার রায়পাড়া গ্রামে একটি সরকারি পুকুরের পাড় ভেঙে চলাচলের রাস্তা প্রায় বিলীন হয়ে গেছে। পুকুরটির চারপাশে প্রটেকশন বাঁধ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় মসজিদের মুসল্লি, মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীসহ সাধারণ গ্রামবাসী।
এ সমস্যা সমাধানে পুকুরের চারপাশে প্রটেকশন বাঁধ নির্মাণ ও রাস্তা সংস্কারের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা আখতার বরাবর লিখিত আবেদন জানিয়েছেন এলাকাবাসী
লিখিত আবেদন ও স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম জাওয়ার রায়পাড়া গ্রামে ৩৯ শতাংশ আয়তনের একটি সরকারি পুকুর রয়েছে (মৌজা: বিরি জাওয়ার, এস.এ খতিয়ান নং-০১, আর.এস খতিয়ান নং-১৬৮৫, এস.এ দাগ নং-১০১৭, আর.এস দাগ নং-২২০০)। এই পুকুরের চারপাশে ব্যক্তি মালিকানাধীন বসতবাড়ি, একটি মাদ্রাসা এবং একটি মসজিদ অবস্থিত। পূর্বে পুকুরের পাড় ঘেঁষে জনসাধারণের চলাচলের জন্য ১০ থেকে ১২ ফুট প্রশস্ত একটি রাস্তা ছিল।
অভিযোগ রয়েছে, বিগত সরকারের আমলে স্থানীয় প্রভাবশালীরা পুকুরটি দখলে রেখে ২-৩ বছর আগে পুকুর থেকে অবৈধভাবে মাটি কেটে অন্যত্র বিক্রি করে দেয়। এর ফলে পুকুরের পাড়ের মাটি ভেঙে পুকুরটি আকারে বড় হতে হতে বর্তমানে প্রায় ৯০ শতাংশে পরিণত হয়েছে এবং চারপাশের চলাচলের রাস্তাটি সম্পূর্ণ ভেঙে গেছে।
রাস্তাটি ভেঙে সরু হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্থানীয় মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও মসজিদের মুসল্লিরা। মাদ্রাসায় যাতায়াতের একমাত্র পথ হওয়ায় শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই পুকুরের পানিতে পড়ে যাচ্ছে। এতে অভিভাবকদের মধ্যে সবসময় আতঙ্ক বিরাজ করছে। এছাড়া, এলাকায় কোনো ব্যক্তির মৃত্যু হলে জানাজার জন্য লাশ নিয়ে যাওয়ার মতো কোনো পথ অবশিষ্ট নেই।
রাস্তার এই বেহাল দশা ও জনদুর্ভোগের বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে মহিউদ্দিন,হেলাল উদ্দিন ভূঁইয়া, আব্দুল গনি, আব্দুল সাত্তার বলেন, "রাস্তাটি ভেঙে যাওয়ায় আমাদের এলাকার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বিশেষ করে প্রতিদিন মসজিদের মুসল্লি এবং মাদ্রাসার ছোট ছোট শিক্ষার্থীরা চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমরা দ্রুত এই পুকুরের চারপাশে প্রটেকশন বাঁধ ও রাস্তাটি সংস্কারের দাবি জানাচ্ছি।
এলাকাবাসী আরও জানান, এর আগে গত বছরের ২১ অগাস্ট তারিখে তাড়াইলের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মেহেদী হাসান টিটু ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে রাস্তাটি সংস্কারের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু অদ্যাবধি কোনো কার্যকর পদক্ষেপ না নেয়ায় সম্প্রতি এলাকাবাসীর পক্ষে মো. দ্বীন ইসলাম ভূঞা (পিতা: কুতুব আলী ভূঞা) পুনরায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন জমা দেন।
ভুক্তভোগী গ্রামবাসী দ্রুত সরকারি তহবিল থেকে আর্থিক অনুদান বরাদ্দের মাধ্যমে পুকুরের চারপাশে প্রটেকশন বাঁধ নির্মাণ এবং চলাচলের রাস্তাটি সংস্কারের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।