কিশোরগঞ্জের বাজিতপুরে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ব্যবহৃত বিআরটিসি’র একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।
মঙ্গলবার ১০ নভেম্বর রাত ৩টার দিকে উপজেলার পিরিজপুর বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটি ভৈরব সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ব্যবহৃত হতো। বাজিতপুরের পিরিজপুর ও আশপাশের এলাকার শিক্ষার্থীরা প্রতিদিন এ বাসে করে কলেজে যাতায়াত করতেন। সোমবারও শিক্ষার্থীদের আনা-নেয়া শেষে বাসটি পিরিজপুর বাজারের নির্ধারিত স্থানে রাখা হয়। পরে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাসটির প্রায় পুরো অংশ পুড়ে যায়।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বাসটিতে আগুন দিয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।