কিশোরগঞ্জের নিকলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ২৮ অক্টোবর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিটি উপজেলা কার্যালয় থেকে বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে বেলা ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম লিটনের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্যসচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সৈয়দ এহাসানুল হুদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু সাঈদ রতন। এ ছাড়া উপজেলা বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং দলীয় সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। তারা বলেন, গণতান্ত্রিক পরিবেশ ও উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
বক্তারা বলেন, জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত হয়ে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত ও বিরত থাকার থাকতে হবে। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটিগুলো পুনর্গঠন এবং সংগঠনকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভায় উপস্থিত নেতারা যুবদলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে কার্যক্রম জোরদার এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানান।