কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ঐতিহ্যবাহী রাউতি আতহারুল উলুম হোসাইনিয়া মাদরাসার উদ্যোগে শিক্ষা প্রদর্শনী, বার্ষিক পুরস্কার বিতরণী ও অভিভাবক সম্মেলন অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ,১৯ অক্টোবর বেলা ১০টায় মাদরাসা প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদরাসার পরিচালক এবং চট্টগ্রাম নূরানী তালীমুল কুরআন বোর্ডের অন্যতম প্রশিক্ষক ও পরিদর্শক মাওলানা এনামুল হক।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল হুদা কাসেমুল উলুম মাদরাসার পরিচালক ও রাউতি আতহারুল উলুম হোসাইনিয়া মাদরাসার সভাপতি মাওলানা ফয়েজ উদ্দিন, সেকান্দর নগর সাহেব বাড়ী মাদরাসার পরিচালক মাওলানা সৈয়দ আবু সায়েম, দড়িজাহাঙ্গিরপুর রিয়াজুল জান্নাত মহিলা মাদরাসার পরিচালক মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা শাহেদ এনাম, রাউতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মামুন হাসান এবং মো. মহসিন খান।
এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য আলেম-ওলামা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীদের অভিভাবকগণ বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই আয়োজনে শিক্ষা প্রদর্শনীর মাধ্যমে খুদে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও সুপ্ত মেধা দারুণভাবে ফুটে ওঠে। অনুষ্ঠান শেষে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরবর্তীতে অভিভাবক সম্মেলনে শিক্ষার গুণগত মানোন্নয়ন, চরিত্র গঠন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে মা-বাবার ভূমিকা নিয়ে এক তাৎপর্যপূর্ণ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ধর্মীয় ও নৈতিক শিক্ষার আলো ছড়াতে এবং শিক্ষার্থীদের মেধা ও মননের সার্বিক বিকাশে এই ধরনের আয়োজন আগামী দিনেও বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজক ও উপস্থিত সুধীজন।