কিশোরগঞ্জের কুলিয়ারচরে অপরাধ দমন, মাদক উদ্ধার ও অনলাইন জুয়া প্রতিরোধে পরিচালিত এক বিশেষ অভিযানে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জাম ও গাঁজা জব্দ করা হয়। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
বুধবার, ১৪ অক্টোবর বিকালে গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর মঙ্গলবার রাতে উপজেলার দ্বাড়িয়াকান্দি পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার তিনজন হলেন- মো. লোকমান মিয়া (২৯), মো. সোহান মিয়া (২৫) ও মো. ফারুক মিয়া (৩৫)। এ সময় তাদের কাছ থেকে জুয়ায় ব্যবহৃত মোবাইল ফোন ও সিমকার্ড জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াছিন ওরফে রাহিম মিয়া নামে আরও এক অভিযুক্ত পালিয়ে যায়।
অপর দিকে একই দিনে মাদকবিরোধী পৃথক অভিযানে ৪০ গ্রাম গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ৪জন হলেন মো. রাকিব মিয়া (২৫), মো. রকি মিয়া (১৯), তানজিম (১৯) ও আবু সালাম (৫০)। তাদের প্রত্যেকের কাছে ১০ গ্রাম করে গাঁজা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এছাড়াও অভিযানে গ্রেফতার আকরাম হোসেন (২০)-কে ৬ মাস এবং অনিক মিয়া (২৫)-কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন কুলিয়ারচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম ইজাজুল হক।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের নির্দেশনায় ও কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হকের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।
অভিযান প্রসঙ্গে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বলেন- "মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে থানা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। অপরাধ দমনে নিয়মিত এই ধরনের অভিযানের পাশাপাশি অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে। কুলিয়ারচরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে।"