কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে স্থানীয় পর্যায়ে চোখের চিকিৎসা সুবিধা পৌঁছানো এবং অন্ধত্ব প্রতিরোধের লক্ষ্যে “চোখের প্রাথমিক পরিচর্যা দক্ষতা উন্নয়ন কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ১০ অক্টোবর মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে দৃষ্টি উন্নয়ন সংস্থার সভাপতি প্রকৌশলী আবদুল ওয়াদুদ চৌধুরীর সভাপতিত্বে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠামইন উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবদুল্লাহ-আল-শাফী।
দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস), ঢাকার উদ্যোগে এবং এইচ ভিভি ইউ এস এর আর্থিক সহায়তায় এক দিনব্যাপী এই নন-রেসিডেনশিয়াল কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের চক্ষু বিশেষজ্ঞ এবং দৃষ্টি উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বিশিষ্ট সমাজসেবক অধ্যাপক ডা. মো. শাহীন রেজা চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হাওর অঞ্চলের মানুষের অন্ধত্ব প্রতিরোধ ও চোখের সাধারণ রোগ, আঘাত এবং জটিলতা ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মিঠামইন,ইটনা ও অষ্টগ্রাম উপজেলার ৫০০ জন স্বাস্থ্য সহকারী, পল্লী চিকিৎসক, শিক্ষক এবং মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে প্রশিক্ষণ প্রদান এবং স্থানীয় পর্যায়ে চোখের চিকিৎসা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
কর্মশালায় অংশগ্রহণকারীদের বিনামূল্যে প্রশিক্ষণ সনদ, ব্যাগ, ভিশন চার্ট, টর্চ লাইট, নেয়ার চার্টবুকসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা বিশেষজ্ঞ চিকিৎসকের লেকচার, লাইভ ডেমো এবং প্র্যাকটিক্যাল সেশনের মাধ্যমে চোখে ছানি, গ্লুকোমা, সংক্রমণ শনাক্তকরণ ও প্রাথমিক চিকিৎসার নানাবিধ কৌশল আয়ত্ত করেন।