কিশোরগঞ্জে নারী উদ্যোক্তা সুমির প্রতিষ্ঠিত প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন সেভ দ্য চিলড্রেন ও ইউনিসেফ বাংলাদেশের POWER প্রকল্পের কর্মকর্তারা।
বুধবার, ২ সেপ্টেম্বর বিকেলে কিশোরগঞ্জ শহরের নীলগঞ্জ রোডের উকিলপাড়ায় অবস্থিত ‘নারী উদ্যোক্তা সুমি’ প্রতিষ্ঠানে গিয়ে তারা প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে কর্মকর্তারা প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের পাশাপাশি তাদের নিরাপত্তা, যাতায়াত, শিক্ষাজীবন ও ভবিষ্যৎ কর্মসংস্থানের বিষয়ে খোঁজখবর নেন। বাড়ি থেকে প্রশিক্ষণ কেন্দ্রে আসা-যাওয়ার পথে কোনো ধরনের হয়রানি বা ইভটিজিংয়ের শিকার হতে হয় কি না, রাস্তায় কোনো প্রতিবন্ধকতা রয়েছে কি না এসব বিষয়েও প্রশিক্ষণার্থীদের কাছে জানতে চান তারা।
এ সময় প্রশিক্ষণার্থী কানিজ ফাতেমা জানান, অর্থের অভাবে তিনি এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন। এরপর আর পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হবে না বলে জানান তিনি। তার কথা শুনে কর্মকর্তারা তাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেন। তারা জানান, সরকারি পর্যায়ে উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ রয়েছে। প্রশিক্ষণের পাশাপাশি পড়াশোনা চালিয়ে গিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে প্রশিক্ষণার্থীদের উৎসাহ দেন তারা।
পাশাপাশি বেকার ও অসহায় নারীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার বিষয়েও আলোচনা করেন কর্মকর্তারা। প্রশিক্ষণ শেষে নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তারা।
২০১৯ সাল থেকে সরকারি নিবন্ধিত ‘নারী উদ্যোক্তা সুমি’ প্রতিষ্ঠানটি নারীদের সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে আসছে। প্রতিষ্ঠানটিতে কম্পিউটার, সেলাই, কেক বেকিং, বিউটিশিয়ান, শোপিস তৈরি, হ্যান্ড স্টিচ, কুশিকাঁটা, ব্লক, এমব্রয়ডারি, বাটিক, হ্যান্ডপ্রিন্ট ও স্ক্রিন প্রিন্ট, আইসক্রিম তৈরি এবং বিভিন্ন ধরনের ফাস্টফুড প্রস্তুতিসহ ১২টি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা জানান, প্রশিক্ষণ নিয়ে অনেক নারী ইতোমধ্যে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। কেউ এই প্রতিষ্ঠানেই কাজ করছেন, আবার কেউ নিজ বাড়িতে বসে বিভিন্ন পণ্য তৈরি ও অনলাইনে বিক্রির মাধ্যমে আয় করছেন। প্রশিক্ষণ ও সনদ নিয়ে কয়েকজন নারী দেশ-বিদেশেও কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা নারী উদ্যোক্তা সুমি বলেন, ‘আমি রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স সম্পন্ন করেছি। বর্তমানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলা বিষয়ক অধিদপ্তর, কিশোরগঞ্জের জেন্ডার প্রমোটার শিক্ষিকা হিসেবে কর্মরত আছি। পাশাপাশি বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে কাজ করছি।
সুমি আরও বলেন, ‘২০২৪ সালে কিশোরগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা অ্যাওয়ার্ড এবং ২০২৫ সালে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা পুরস্কার অর্জন করেছি। বর্তমানে ১২টি বিষয়ে দক্ষ প্রশিক্ষক হিসেবে কাজ করছি। পাশাপাশি জাতীয় যুব পুরস্কারের বিচারক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছি।
তিনি জানান, ভবিষ্যতে আরও বেশি সংখ্যক বেকার, অসহায় ও সুবিধাবঞ্চিত নারীকে প্রশিক্ষণের আওতায় এনে তাদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই তার লক্ষ্য।
পরিদর্শন শেষে সেভ দ্য চিলড্রেন ও ইউনিসেফ বাংলাদেশের POWER প্রকল্পের কর্মকর্তারা প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ কার্যক্রমের প্রশংসা করেন। নারীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি প্রশিক্ষণ শেষে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তারা।