কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরিতে এক আনন্দঘন পরিবেশে সিনিয়র সাংবাদিক, কবি-ছড়াকার, গল্পকার ও বিটিভি-বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার মুশফিকুর রহমানের একক আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১ সেপ্টেম্বর সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে আবৃত্তি প্রেমী ও সাহিত্য-সাংস্কৃতিক ব্যক্তিত্বদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক, আঞ্চলিক ইতিহাস-ঐতিহ্য গবেষক ও জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মু আ লতিফ। তাঁর বক্তব্যে তিনি মুশফিকুর রহমানের বহুমুখী প্রতিভার প্রশংসা করেন এবং তাঁর সাহিত্যের প্রতি নিষ্ঠার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইংরেজি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মো. বদরুল হুদা সোহেল।
তিনি মুশফিকুর রহমানের লেখনীর গুণমান ও তাঁর কবিতার গভীরতার কথা উল্লেখ করেন।
সঞ্চালনার দায়িত্ব পালন করেন বিশিষ্ট আইনজীবী, সাংস্কৃতিক সংগঠক ও বাচিক শিল্পী অ্যাডভোকেট সমর কান্তি সরকার। তাঁর দক্ষ সঞ্চালনায় পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উপভোগ্য হয়ে ওঠে।
অনুষ্ঠানে মুশফিকুর রহমান তাঁর নির্বাচিত কবিতাগুলো আবৃত্তি করে শ্রোতাদের মুগ্ধ করেন। তাঁর আবেগপূর্ণ আবৃত্তি ও বাচনভঙ্গী উপস্থিত সকলের হৃদয় জয় করে নেয়। একক আবৃত্তি সন্ধ্যাটি সংস্কৃতি প্রেমিদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।