কিশোরগঞ্জের অষ্টগ্রামে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর বিকেল ৪টায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম শাহিনের কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দলীয় পতাকা হাতে অংশ নেন। এ সময় তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন।
মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তিতুমীর হোসেন সোহেল, যুবদলের সভাপতি আনোয়ার হোসেন আনা, শ্রমিক দলের সভাপতি মীর রাজীব হোসেন তাপস, উপজেলা বিএনপির সহসভাপতি জাকির হোসেন শফি, মৎসজীবী দলের সভাপতি মাহফুজ আলম খান দানা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এস এম জাবেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
আলোচনা সভায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম শাহিন বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে লালন করে দীর্ঘ প্রতীক্ষার পর দেশনায়ক তারেক রহমান দেশ পরিচালনা করছেন।”তিনি দেশের উন্নয়নে বিএনপির লক্ষ্য ও অঙ্গীকার বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে দলের মধ্যে স্বার্থান্বেষী ও নিজস্বার্থে কাজ করা ব্যক্তিদের সতর্ক করে দেন।
সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, গণতান্ত্রিক আন্দোলনে দলের ভূমিকা এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় দলের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন। আগামী দিনে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
এ সময় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।