কিশোরগঞ্জের কটিয়াদীতে কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দাদী-নাতনিসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
রবিবার, ৩০ অগাস্ট বেলা ৩টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের তেভাগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ময়মনসিংহের নান্দাইল উপজেলার কলাপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে মিলন মিয়া, হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলচেও এলাকার বদিউল আলমের স্ত্রী রাবেয়া আক্তার এবং তাঁর আট বছর বয়সী নাতনি জারামনি।
পুলিশ ও স্থানীয়রা জানান, বদিউল আলম ও তাঁর পরিবারের সদস্যরা নান্দাইলে মেয়ের বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে হবিগঞ্জের উদ্দেশে রওনা হন। পথে তেভাগা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। এতে ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে নেয়ার আগেই ঘটনাস্থলে মারা যান মিলন মিয়া। পরে হাসপাতালের চিকিৎসক রাবেয়া আক্তার ও শিশু জারামনিকে মৃত ঘোষণা করেন।
কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীনূর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ উদ্ধার করে। পরে হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।