ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নেশাগ্রস্ত অবস্থায় তিন ব্যক্তিকে আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার, ২০ অগাস্ট সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় নেশাগ্রস্ত অবস্থায় ওই তিন ব্যক্তিকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়। পরে দণ্ডপ্রাপ্ত তিনজনকে কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমড়াশাসন গ্রামের রফিক মিয়ার ছেলে জুনাইদ। তাকে ৫০ টাকা অর্থদণ্ডসহ তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। তারুন্দিয়া ইউনিয়নের সাকুয়া মাঝেরচর গ্রামের মৃত নবী হোসেনের ছেলে দুলাল মিয়াকে ৫০ টাকা অর্থদণ্ডসহ ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
এ ছাড়া পৌর শহরের চরনিখলা গ্রামের আব্দুল সালামের ছেলে রাব্বিকে ৫০ টাকা অর্থদণ্ডসহ তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার সমাজ ও তরুণ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে। মাদক সেবন ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে।