কিশোরগঞ্জের তাড়াইলে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪০ শিক্ষার্থীকে সংবর্ধনা ও ক্রেস্ট দিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ৩৭ জন এবং দাখিলে ৩ জনসহ মোট ৪০ জন শিক্ষার্থীকে সম্মাননা দেয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতার। এ সময় সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার রিফাত শারমিনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
ইউএনও তানজিলা আখতার কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
পরে ৪০ শিক্ষার্থীর হাতে ফুল ও ক্রেস্ট তুলে দেয়া হয়। সম্মাননা পেয়ে শিক্ষার্থীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।