"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার, ২৩ জুলাই বৃক্ষমেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।
এ উপলক্ষে সকালে শহরের বটতলা এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন স্টেডিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে পুরাতন স্টেডিয়াম প্রাঙ্গণে একটি চারাগাছ রোপণের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান।
মেলায় আগামী সাতদিন ধরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রয় করা হবে। এতে সরকারি বিভিন্ন দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান ও নার্সারিগুলো অংশ নিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মো. নুরুল করিম, কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির রমজান আলী, এনসিপি উত্তর অঞ্চলের সংগঠক শেখ খায়রুল কবিরসহ জেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বৃক্ষমেলার মাধ্যমে জনসাধারণের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।