কিশোরগঞ্জের অষ্টগ্রামে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ২৫ কেজি ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার এবং ৬ জন কথিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার, ২০ জুলাইথানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামানের নেতৃত্বে থানার অফিসার ও পুলিশ সদস্যরা মাদকবিরোধী বিশেষ পৃথক পৃথক অভিযান পরিচালনা করে গাঁজাসহ এদের গ্রেফতার করে।
প্রথম অভিযানে অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের ইকুরদিয়া ঘাট এলাকায় আকতার মিয়ার বাড়ির সামনের পাকা সড়ক থেকে পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন, মো. আকবর হোসেন (৩৫), স্বপন চন্দ্র মহন্ত (৩০), মো. শাহীন মিয়া (৩৫), ইমন মিয়া (১৯) এবং স্বপন গোয়ালা (২৭)। তাদের সবার বাড়ি হবিগঞ্জ, রংপুর ও মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায়। পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
একই দিনে পরিচালিত অপর অভিযানে বাঙ্গালপাড়া ইউনিয়নের আনোয়ারপুর (নতুন মোকাম) এলাকায় আইয়ুব আলীর বাড়ি সংলগ্ন পাকা সড়ক থেকে নুরুজ আলী (৬০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নুরুজ আলীর বিরুদ্ধে অষ্টগ্রাম থানায় পূর্বের আরও পাঁচটি মামলা রয়েছে।
অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে অষ্টগ্রাম থানা সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।