কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শ্রীরামদী পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন।
রবিবার, ১৯ জুলাই দুপুর ১টায় পরিদর্শনকালে বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক না থাকায় তিনি ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন।
বিদ্যালয় পরিদর্শনের সময় সংসদ সদস্য শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম ও শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতির বিষয়ে খোঁজ নেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানে মোট শিক্ষার্থী রয়েছে ৬১ জন। তবে পরিদর্শনের সময় উপস্থিতি ছিল আশানুরূপ ছিলনা। পঞ্চম শ্রেণিতে মোট ১০ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল মাত্র ৭ জন। এছাড়া তৃতীয় ও চতুর্থ শ্রেণিকক্ষে কোনো শিক্ষার্থী উপস্থিত ছিল না।
অন্যদিকে, বিদ্যালয়ের অনুমোদিত ৬ জন শিক্ষকের মধ্যে উপস্থিত ছিলেন মাত্র ৪ জন। প্রধান শিক্ষকসহ দুইজন শিক্ষক অনুপস্থিত ছিলেন।
এ সময় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন বলেন, “শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করতে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল হতে হবে। কোনো ধরনের অবহেলা গ্রহণযোগ্য নয়।”
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, নিয়মিত শ্রেণি কার্যক্রম নিশ্চিত করা এবং শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার শারফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।