কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার, ১৬ জুলাই সকাল সাড়ে এগারোটায় এ উপলক্ষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আলী আকবর, মৎস্য কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস ছাত্তার, মো. এরফান উদ্দিন মাস্টার, এমদাদুল হক মাসুদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল জব্বার, পৌর জামায়াতের আমীর মাওলানা নাজমুল হক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন রিপন, যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল আলম ছোটন, তাঁতীদলের সভাপতি মোস্তফা কামাল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জলসহ জুলাই শহিদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, রাজনৈতিক নেতাকর্মী এবং উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীগণ।
এ সময় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র জনতার অন্দোলনে একটি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছিল। এ আন্দোলন কোন ব্যক্তি বা গোষ্টির একক কৃতিত্ব ছিলনা। ছাত্রদের পাশাপাশি সাধারণ মানুষও এতে অংশ নিয়েছিলেন। তাই জুলাইয়ের স্মৃতিকে ধারণ করে আমাদেরকে দেশ গঠনে এগিয়ে যেতে হবে।
বক্তারা আরো বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছিলাম, দেশের স্বার্থে আমাদেরকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে।
আলোচনা সভা শেষে জুলাই শহিদ ও আহতদের মাগফিরাত ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জুলাই শহিদ সিফত উল্লাহর বাবা হাফেজ মাওলানা নূরুজ্জামান।