দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে। কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জ পূর্ব জোনের অধীনে কিশোরগঞ্জ-০২ অঞ্চলের সাতটি শাখার উপকারভোগী সদস্যদের মধ্যে মোট ২ হাজার ৪৫০টি ফলদ, ঔষধি ও বনজ গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
বুধবার, ১৫ জুলাই দুপুর ১২টার দিকে করিমগঞ্জ শাখায় উপকারভোগীদের মধ্যে চারাগাছ বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ডিএসকের কিশোরগঞ্জ-০২ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. সজল মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন করিমগঞ্জ শাখা ব্যবস্থাপক মো. আল আমিন, সহকারী শাখা ব্যবস্থাপক মাহফুজুর রহমান খান, সহকারী শাখা ব্যবস্থাপক (শিক্ষানবিশ) মো. জুয়েল খানসহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা।
ডিএসকির কর্মকর্তারা জানান, কর্মসূচির আওতায় আম, লিচু, বিভিন্ন ঔষধি গাছ, কৃষ্ণচূড়া ও বকুলের চারা বিতরণ করা হচ্ছে। পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়ন বৃদ্ধির পাশাপাশি উপকারভোগীদের ফলদ ও বনজ গাছ লাগাতে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
পরে দুপুর দেড়টার দিকে করিমগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ মাহবুবুর রহমান নিজ হাতে কৃষ্ণচূড়া ও বকুলের চারা রোপণ করেন।
মাহবুবুর রহমান বলেন, পরিবেশ, প্রকৃতি ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিএসকের এ উদ্যোগ প্রশংসনীয়। ভবিষ্যতে সংস্থাটি আরও বৃহত্তর পরিসরে এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি এ ধরনের উদ্যোগে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানের শেষে ডিএসকের সার্বিক কার্যক্রমের সাফল্য কামনা করা হয়।