কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের চৌধুরী হাটি গ্রামে কাঁঠাল নিয়ে ঝগড়ায় নিজ বাবাকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি ছেলে ও পুত্রবধূকে গ্রেফতার র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার দুইচন হচ্ছেন, কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের চৌধুরীহাটি গ্রামের নিহত রেজ্জাকুলের ছেলে মো. আলম মিয়া (৩৫) ও তার স্ত্রী মোছাঃ রেখা(৩২)।
বুধবার, ১৩ জুলাই রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।
মামলা সূত্রে জানা যায়, নিহত রেজ্জাকুল (রেজ্জাক) কিশোরগঞ্জ সদর উপজেলার চৌধুরীহাটি গ্রামের বাসিন্দা এবং দুই সন্তানের জনক। তার ছোট ছেলে সৌদি প্রবাসী এবং বড় ছেলে মো. আলম মিয়া (ধৃত অভিযুক্ত)। নিহত রেজ্জাক তার স্ত্রীকে নিয়ে আলাদা বসবাস করতেন। আগে থেকেই বড় ছেলে ও পুত্রবধূ রেখা খাতুন তাদের ওপর বিভিন্ন সময় মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন।চলতি বছরের গত ১৭ জুন সন্ধ্যা আনুমানিক ৭টার কিছু পরে বাড়ির গাছ থেকে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে ছেলে ও পুত্রবধূর সাথে বৃদ্ধ বাবার তর্কাতর্কি হয়। একপর্যায়ে তারা রেজ্জাকুলের ওপর অতর্কিত হামলা চালায় এবং এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। গুরুতর আঘাতে রেজ্জাকুল মাটিতে লুটিয়ে পড়লে তাকে আশঙ্কাজনক অবস্থায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রেজ্জাকুলের স্ত্রী বাদি হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলা রুজুর পর সিপিসি-২, র্যাব-১৪, কিশোরগঞ্জ ছায়াতদন্ত শুরু করে এবং পলাতক অভিযুক্তদের গ্রেফতারে তৎপর হয় এবং অবশেষে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।