সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, “দেশের মানুষ জান্নাতের টিকেট বাদ দিয়ে বিএনপির ইশতিহার গ্রহণ করেছে। তাই প্রধানমন্ত্রী তারেক রহমান সেই নির্বাচনী ইশতিহার বাস্তবায়নে দিনরাত কাজ করে যাচ্ছেন। দেশ ও জনগণের উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য। আমি আগামী ৫ বছরে নান্দাইলকে উন্নয়নের নক্ষত্রে পরিণত করতে চাই।”
শনিবার, ১১ জুলাই বিকেলে বিপুল উৎসাহ ও আনন্দঘন পরিবেশে নান্দাইল সমূর্ত জাহান মহিলা কলেজ প্রাঙ্গনে নান্দাইল পৌর বিএনপি আয়োজিত পরিচিতি সভা ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, “বিএনপি সরকার গঠনের পর থেকে নান্দাইলের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও গ্রামীণ অবকাঠামোর বৈপ্লবিক পরিবর্তন শুরু হয়েছে। নান্দাইলে প্রথমবারের মতো ফ্যামিলি কার্ড প্রদানসহ জনকল্যাণমূলক কাজ বাস্তবায়িত হচ্ছে। এলাকায় জুয়া, মাদক, চাঁদাবাজি ও ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। কেউ যদি অনৈতিক কর্মকাণ্ড বা দুর্নীতিতে লিপ্ত হয়, তবে সরাসরি প্রশাসনকে অথবা আমাকে জানান, আমি কঠোর ব্যবস্থা নেব।”
পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. নজরুল ইসলাম ফকিরের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. রফিকুজ্জামান ভূঞা মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম এনায়েত উল্লাহ কালাম এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।
বিশেষ অতিথির বক্তব্যে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম এনায়েত উল্লাহ কালাম বলেন, “বিগত ফ্যাসিবাদী সরকার দেশটাকে লুটেপুটে ধ্বংস করে দিয়ে গেছে। সেই ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে বর্তমান সরকার আপ্রাণ চেষ্টা করছে। সংগঠনকে আরও শক্তিশালী করতে প্রতিটি ওয়ার্ডে সুসংগঠিত কমিটি গঠন করতে হবে। যাতে করে আর কোন অপশক্তি এ দেশটাকে ধ্বংস করতে না পারে”।
এছাড়া বিশেষ অতিথি মোতাহার হোসেন তালুকদার প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘মানবিক প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়ে বলেন, “তারেক রহমান একজন মাঠপর্যায়ের কর্মী ও জনবান্ধব নেতা। তিনি জনগণের সমস্যা শোনার সাথে সাথেই তার সমাধান করেন। তাই দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে বিএনপির পাশে থাকতে হবে।”
কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক পল্লব রায়, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, বিএনপি নেতা হাসনাত মাহমুদ তালহা, যুবদল নেতা কামরুজ্জামান রাসেল, আকরাম হোসেন ফেরদৌস, ছাত্রদল নেতা অনিক আহমেদ বাবলুসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।