ময়মনসিংহের নান্দাইলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’’এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালিত হয়।
সোমবার, ৬ জুলাই বেলা ১১টায় নান্দাইল উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার প্রশাসনিক সভাকক্ষে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসের গুরুত্ব তুলে ধরেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত।
উপজেলা ট্রেজারি অফিসার মো. গোলাম কিবরিয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান লিটন এবং বিআরডিবির চেয়ারম্যান দুলাল মিয়া। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নাইমা সুলতানা, বিআরডিবির সাবেক চেয়ারম্যান এনামুল হক বাবুল এবং সাংবাদিক এ. হান্নান আল আজাদ প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “দেশের সামগ্রিক উন্নয়নের মূল চাবিকাঠি হলো পল্লী উন্নয়ন। কৃষিভিত্তিক অর্থনীতির বিকাশ, গ্রামীণ জনপদে কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বিআরডিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ একান্ত প্রয়োজন।”