গণতন্ত্রী পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মো. আরশ আলী, ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন।
সোমবার, ৬ জুলাই গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় নেতৃত্রয় বলেন, নূরুর রহমান সেলিম ছিলেন একজন দেশপ্রেমিক, সৎ, আদর্শনিষ্ঠ ও ত্যাগী রাজনৈতিক নেতা। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তিনি আজীবন গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেছেন। গণতন্ত্রী পার্টির সাংগঠনিক বিকাশ, গণতান্ত্রিক আন্দোলন এবং প্রগতিশীল রাজনীতিতে তাঁর অবদান দল ও দেশের মানুষ চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
শোকবার্তায় নেতৃত্রয় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, গণতন্ত্রী পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম সোমবার বিকেল ৫টায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হৃদরোগ জনিত জটিলতায় ভুগছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বাদ এশা রাজধানীর খিলগাঁওয়ে তাঁর বাসার সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁর মরদেহ টাঙ্গাইলের করটিয়ায় নিজ গ্রামের বাড়িতে নেয়া হবে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি এক কন্যা, দুই পুত্র, আত্মীয়-স্বজন, অসংখ্য সহকর্মী, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।