কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বরাদ্দ একটি জেনারেটর পাশ্ববর্তী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ২০২২ সালে তৎকালীন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাস হোসেনের উদ্যোগে Japan International Cooperation Agency (JICA)-এর সহায়তায় তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ২ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন একটি জেনারেটর বরাদ্দ আসে।
অভিযোগ রয়েছে, ২০২৬ সালে বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অতীশ দাশ রাজিবের সময়ে জেনারেটরটি হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে অতীশ দাশ রাজিব বলেন, তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেনারেটরটি চালানোর সক্ষমতা নেই। সে কারণেই এটি হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়েছে।
তবে স্থানীয়দের দাবি, যদি হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেনারেটরটি ব্যবহার করা সম্ভব হয়, তাহলে তাড়াইলে কেন তা সম্ভব হবে না—এ প্রশ্নের কোন সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি। তাদের ভাষ্য, তাড়াইলের জন্য বরাদ্দ সরকারি সম্পদ অন্য উপজেলায় স্থানান্তরের সিদ্ধান্ত কী প্রক্রিয়ায় নেয়া হয়েছে, সেটিও স্পষ্ট হওয়া দরকার।
এ বিষয়ে তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতার বলেন, বিষয়টি তার জানা ছিল না এবং তাকে এ বিষয়ে অবগতও করা হয়নি। তিনি বলেন, "আমি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখব। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।"
জেনারেটর স্থানান্তরের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যা ও প্রয়োজনীয় তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।