কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, কিশোরগঞ্জ জজ কোর্টের এপিপি ও কুলিয়ারচর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলমের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে ছুটে গেলেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) সংসদীয় আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
বুধবার, ১ জুলাই বিকেল ৬টার দিকে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই সাংবাদিক নেতার কেবিনে যান তিনি।
প্রতিমন্ত্রী শরীফুল আলম হাসপাতালের কেবিনে গিয়ে অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলমের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন। পরে তিনি কর্তব্যরত চিকিৎসক ও পরিবারের সদস্যদের সাথে তাঁর চিকিৎসার অগ্রগতি নিয়ে কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী সাংবাদিক শাহ্ আলমের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন।
এসময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা সবাই অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলমের দ্রুত রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম। গত সোমবার ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর একটি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম সাংবাদিকতা, আইন পেশা ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
তাঁর অসুস্থতা ও অস্ত্রোপচারের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই কুলিয়ারচরসহ কিশোরগঞ্জের সাংবাদিক, আইনজীবী, রাজনৈতিক নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে উদ্বেগ দেখা দেয়। সবাই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।
এদিকে সফল অস্ত্রোপচারের পর প্রতিমন্ত্রী শরীফুল আলম হাসপাতালে ছুটে যাওয়ায় দলীয় নেতাকর্মী ও স্থানীয় সুধীসমাজ এটিকে মন্ত্রীর মানবিকতা ও সহমর্মিতার এক অনন্য প্রকাশ হিসেবে উল্লেখ করেছেন।