গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলনের শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার। তিনি দেশবাসীর কাছে ভূপেন্দ্র ভৌমিক দোলনের দ্রুত সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন।
শনিবার, ২৭ জুন সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলনের খোঁজখবর নেন। তিনি নিয়মিত তাঁর শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে পরামর্শ করছেন।
ভারপ্রাপ্ত সভাপতি বলেন, "অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলনের দ্রুত সুস্থতা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর সুস্থতা কামনায় আমি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।"
বর্তমানে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে (সিসিইউ) বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন।
প্রায় ৭৭ বছর বয়সী অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল শারীরিক সমস্যায় ভুগছেন। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
এদিকে বিডিচ্যানেলফোর এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলনের সুস্থতা কামনা করে তাঁর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন গণমাধ্যমটির উপদেষ্টা সম্পাদক সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, সম্পাদক মণ্ডলীর সভাপতি শফিকুল আলম শিপলু ও প্রধান সম্পাদক আহমাদ ফরিদ।