কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে কুলিয়ারচর থানা পুলিশ। গ্রেফতার নাদিম হোসেন ব্যক্তি রূপালী ব্যাংক ভৈরব শাখার সিনিয়র কর্মকর্তা।
মঙ্গলবার, ২৩ জুন গভীর রাতে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
গ্রেফতার নাদিম হোসেন কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের নওয়াগাঁ গ্রামের নূরুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রূপালী ব্যাংকের ভৈরব শাখায় সিনিয়র কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সারাদেশের মতো কুলিয়ারচরেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের বাজরা বাসস্ট্যান্ডে সংঘটিত ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় নাদিম হোসেনকে গ্রেফতার করা হয়।
কুলিয়ারচর থানা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।