দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদভিত্তিক ডাটাবেস নির্মাণে যুক্ত হয়ে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার তরুণ গবেষক আসিফুজ্জামান জিসান অর্জন করেছেন বিশেষ স্বীকৃতি। উপজেলার পুমদী ইউনিয়নের দক্ষিণ পুমদি গ্রামের এই কৃতি তরুণ বাংলাদেশের প্রথম বায়োইনফরম্যাটিক্স প্রতিষ্ঠান ডন অব বায়োইনফরম্যাটিক্স লিমিটেড (ডিওবি)-এর গবেষণা প্ল্যাটফর্ম ‘ডনিল্যাব’-এর তৈরি “বাংলাদেশ মেডিসিনাল প্ল্যান্ট ফাইটোকেমিক্যালস ডাটাবেস (বিএমপিপিডি)” প্রকল্পের গবেষণা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
গবেষণা মহলে ইতোমধ্যে বিএমপিপিডি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ও সুসংগঠিত ঔষধি উদ্ভিদভিত্তিক ডাটাবেস হিসেবে পরিচিতি পেয়েছে। প্রকল্পটিতে ৭০০-এর বেশি ঔষধি উদ্ভিদ এবং প্রায় ১ লাখ ১৩ হাজারেরও বেশি ফাইটোকেমিক্যাল এন্ট্রি সংরক্ষিত রয়েছে। এছাড়া এতে ৬০ হাজারেরও বেশি অনন্য যৌগ অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ভবিষ্যতের ওষুধ আবিষ্কার, ফার্মাসিউটিক্যাল গবেষণা এবং প্রাকৃতিক উৎসভিত্তিক ড্রাগ ডিজাইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট গবেষকরা।
ডিওবি’র অফিসিয়াল প্রকল্প স্বীকৃতি তালিকা অনুযায়ী, আসিফুজ্জামান জিসান গবেষণা সহায়তা, তথ্য বিশ্লেষণ ও প্রকল্প সমন্বয় সংশ্লিষ্ট কার্যক্রমে যুক্ত ছিলেন। গবেষণা সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক মানের বায়োইনফরম্যাটিক্স ডাটাবেস নির্মাণে বাংলাদেশের তরুণ গবেষকদের সক্রিয় অংশগ্রহণ দেশের গবেষণা সক্ষমতার একটি ইতিবাচক দৃষ্টান্ত।
বর্তমানে জিসান অনুজীব বিজ্ঞান ও বায়োইনফরম্যাটিক্সভিত্তিক গবেষণায় প্রাকৃতিক যৌগ, ওষুধ নকশা এবং ইন-সিলিকো গবেষণা নিয়ে কাজ করছেন। তার গবেষণার আগ্রহের মধ্যে রয়েছে আলঝেইমার, ক্যান্সার এবং উদ্ভিদভিত্তিক থেরাপিউটিক যৌগ বিশ্লেষণ।
শিক্ষাজীবনে তিনি হোসেনপুর সরকারি পাইলট স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অনুজীব বিজ্ঞান বিষয়ে অধ্যয়ন ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।
নিজের গবেষণা-ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জিসান বলেন, “আধুনিক জীববিজ্ঞান ও বায়োইনফরম্যাটিক্স গবেষণায় আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এবং অর্জিত জ্ঞান দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানোই আমার ভবিষ্যৎ লক্ষ্য।”
পারিবারিকভাবে তিনি হোসেনপুর উপজেলার একটি সুপরিচিত পরিবারের সন্তান। তার পিতা প্রয়াত খুর্শেদুজ্জামান সত্তরের দশকের একজন বর্ষীয়ান রাজনীতিবিদ ছিলেন এবং সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন।
গবেষণা প্রতিষ্ঠান ডিওবি জানায়, বায়োইনফরম্যাটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও জীবনবিজ্ঞানকে সমন্বয় করে বাংলাদেশ থেকেই বৈশ্বিক মানের গবেষণা অবদান তৈরি করাই তাদের লক্ষ্য।
সংশ্লিষ্টরা মনে করছেন, বিএমপিপিডি প্রকল্পে তরুণ গবেষকদের সম্পৃক্ততা বাংলাদেশের বায়োইনফরম্যাটিক্স গবেষণাকে আন্তর্জাতিক পর্যায়ে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।