কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় তিন দিনব্যাপী "কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার, ১৬ জুন সকাল ১১টায় তাড়াইল উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। কৃষি প্রযুক্তির আধুনিক ব্যবহার, কৃষকদের নতুন নতুন উদ্ভাবন সম্পর্কে অবহিত করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধি ও টেকসই কৃষি উন্নয়নকে উৎসাহিত করার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, কিশোরগঞ্জ এর উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. সাদিকুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার।
এছাড়াও তাড়াইল উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জান্নাতুল ফেরদৌস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, কৃষি বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় কৃষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ মেলায় কৃষির আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের ফসল, কৃষি উপকরণ এবং বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করা হবে, যা কৃষকদের আধুনিক কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে আগ্রহী করে তুলবে।
এসময় অনুষ্ঠানে আগত সকল অতিথি ও দর্শনার্থীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তাড়াইল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বিকাশ রায়।