ময়মনসিংহের নান্দাইলে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। দীর্ঘদিনের মাদক ব্যবসার প্রতিবাদে অতিষ্ঠ হয়ে এক মাদক কারবারির বাড়িঘর ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
শুক্রবার, ১২ জুন বিকেলে উপজেলার সিংরইল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উদংমধুপুর গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। অভিযুক্ত মাদক কারবারির নাম আমিন (৫৫) এবং তার স্ত্রী সমিলা খাতুন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই দম্পতি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি এবং জুয়ার আসর বসিয়ে আসছিল। তাদের এই অবৈধ কর্মকাণ্ডে এলাকার যুবসমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছিল। গ্রামবাসী বার বার তাদের সতর্ক করলেও তারা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। এরই প্রতিবাদে শুক্রবার বিকেলে কয়েকশ গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে আমিনের বাড়িতে হানা দেয়। উত্তেজিত জনতা প্রথমে বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দেয়। এই ঘটনার পর এলাকায় মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী জানায়, এই গণপ্রতিরোধের ফলে এলাকায় মাদকের বিস্তার কমবে। তবে আইন হাতে তুলে নেয়ার বিষয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়াও দেখা দিয়েছে।
মাদক ব্যবসায়ীর স্ত্রী সমিলা খাতুন জানান, এখন আর তারা মাদক ব্যবসা করেন না। করলে যেকোন শাস্তি তিনি মাথা পেতে নিবেন।
স্থানীয় ইউপি সদস্য শিহাব উদ্দিন রাসেল “আমরা জনপ্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে এলাকায় জুয়া ও মাদকের বিরুদ্ধে জনমত গঠন এবং প্রতিবাদ করে আসছি। মাদক কারবারিদের অনেকবার সতর্ক করা হলেও তারা কোনো তোয়াক্কা করেনি। শেষ পর্যন্ত এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তাদের বাড়ি-ঘরে হামলা চালিয়েছে।”
সিংরইল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি আমি শুনেছি। শুধুমাত্র প্রশাসন দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়। এর জন্য সামাজিক প্রতিরোধ ও জনসচেতনতা গড়ে তোলা প্রয়োজন। বিক্ষুব্দ এলাকাবাসী অতিষ্ঠ হয়ে মাদক ব্যবাসায়ীর ঘর গুড়িয়ে দিয়েছে।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন এবং ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করেছেন।