কিশোরগঞ্জে এক ছাত্রদল নেতার ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে ব্যাপক তোলপাড় ও সমালোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর জেলা ছাত্রদল, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
অভিযুক্ত রাকিবুল ইসলাম মামুন কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। সম্প্রতি তার মাদক সেবনের একটি ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়।
ভাইরাল হওয়া প্রায় ৯ সেকেন্ডের ভিডিও ক্লিপটিতে দেখা যায়, গেঞ্জি ও লুঙ্গি পরিহিত অবস্থায় একটি কক্ষে বসে আছেন রাকিবুল ইসলাম মামুন। সেখানে তার মুখে পাইপ-সদৃশ একটি বস্তু এবং হাতে ফয়েল পেপার ও গ্যাসলাইটার দেখা যায়। ফয়েল পেপারের নিচে আগুন জ্বালিয়ে ওপরের বস্তু থেকে তৈরি হওয়া ধোঁয়া তিনি পাইপের মাধ্যমে গ্রহণ করছেন—যা মূলত ইয়াবা সেবনের পরিচিত প্রক্রিয়া।
ভিডিও ধারণের সময় ওই কক্ষে আরও কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। উপস্থিতদের মধ্য থেকেই কেউ একজন ভিডিওটি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। ভিডিওটি প্রকাশের পর তা দ্রুত বিভিন্ন ফেসবুক আইডি ও গ্রুপে ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। অনেকে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মাদকবিরোধী কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।