ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের নাউরি গ্রামে সেলিম মিয়া (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার, ৫ জুন ভোরে উপজেলার নাউরি গ্রামে নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সেলিম মিয়া ওই গ্রামের আব্দুস সালামের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে খাবার খাওয়ার পর সেলিম মিয়া তার স্ত্রীর কাছে নেশার জন্য টাকা চান। টাকা না পেয়ে তিনি ঘর থেকে বের হয়ে যান। পরে রাত সাড়ে ৩টার দিকে বাড়িতে ফিরে এসে পানি পান করে বিছানায় শুয়ে পড়েন।
শুক্রবার সকাল আনুমানিক ৫টার দিকে তার স্ত্রী ঘুম থেকে উঠে দেখেন সেলিম মিয়া ঘরের বাঁশের ধন্নার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন। এ সময় তিনি চিৎকার দিলে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে তাকে নামিয়ে দেখেন তিনি ইতোমধ্যে মারা গেছেন। পরিবারের সদস্যরা আরো জানান, সেলিম মিয়া দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিলেন।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম জানান, খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।