কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানের চাপায় ফেরদৌস শিকদার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার, ৪ জুন সকাল ১০টার দিকে গাজীপুর-কিশোরগঞ্জ সড়কের পাকুন্দিয়া বাইপাস সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফেরদৌস শিকদার পাকুন্দিয়া পৌর সদরের চরপাকুন্দিয়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। তিনি পেশায় একজন ট্রাকচালক ছিলেন। তবে দীর্ঘদিন ধরে তিনি প্যারালাইসিসজনিত রোগে ভুগছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে সড়কের পাশে হাঁটছিলেন ফেরদৌস শিকদার। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী পোল্ট্রি মুরগীবাহী পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. আরিফুর রহমান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।