কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জুবায়ের (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে রানা নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার, বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয়রা তাকে আটক করার পর পাকুন্দিয়া থানায় হস্তান্তর করে।
এর আগে শুক্রবার, ২৯ মে রাত ৮টার দিকে উপজেলার কোদালিয়া-হোসেনপুর সড়কের শৈলজানি আলিম মাদরাসার সামনের সড়কে জুবায়েরকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
নিহত জুবায়ের উপজেলার চরপলাশ গ্রামের মো: আলতাব উদ্দীনের ছেলে। তিনি বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে বেকারির মালামাল বিক্রির কাজ করতেন।
আটক রানা একই গ্রামের চরপলাশ মোড়লবাড়ির ফিরোজ মিয়ার ছেলে এবং নিহতের ব্যবসায়িক সহযোগী হিসেবে কাজ করত বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, জুবায়ের রাত ৭টার দিকে কোদালিয়া চৌরাস্তা বাজারে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। কোদালিয়া-হোসেনপুর পাকা সড়কের শৈলজানি এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন রাস্তার ওপর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। রাত সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।