কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিকভাবে পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
বুধবার, ২৭ মে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি আকস্মিকভাবে হাসপাতাল পরিদর্শনে এসে জরুরি বিভাগ, পুরুষ ও মহিলা ওয়ার্ড এবং রান্নাঘর ঘুরে দেখেন। এ সময় তিনি রোগিদের খোঁজখবর নেন এবং হাসপাতালের সেবার মান ও খাবারের গুণগত মান সম্পর্কে জানতে চান। পাশাপাশি রোগিদের জন্য খাবার প্রস্তুতের রান্নাঘর পরিদর্শন করে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। হাসপাতালের সার্বিক অবস্থা দেখে প্রশংসা করেন মন্ত্রী।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা, হোসেনপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ তানভির হাসান জিকোসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, “এই স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সেবার মান আরও বৃদ্ধি করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বাস্থ্যখাতকে নতুন অবকাঠামো ও আধুনিক রূপে সাজাতে কাজ চলছে, যাতে গ্রামের প্রতিটি মানুষ উন্নত চিকিৎসাসেবা পায়।”
তিনি আরও বলেন, এ হাসপাতালে সব ধরনের ভ্যাকসিন মজুত রয়েছে। মন্ত্রী বলেন হামের প্রাদুর্ভাব ঠেকাতে সরকার নিরলসভাবে কাজ করছে। ইতোমধ্যে ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের হাম প্রতিরোধী টিকা দেয়া হয়েছে। যেসব শিশু এখনো টিকা পায়নি, তাদেরও খুঁজে খুঁজে টিকার আওতায় আনা হচ্ছে।”