ময়মনসিংহের মুক্তাগাছায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। নিহতদের কারো পরিচয় জানা যায়নি।
সোমবার, ৪ মে দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতা সমিতিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থনীয় সূত্রে জানা যায়, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী একটি বালুবোঝাই ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজিচালিত আটোরিকশায় থাকা তিন নারী যাত্রী নিহত হন। দুর্ঘটনার সময় ট্রাকটি উল্টে যায়।
এ ঘটনায় ট্রাকের চালক, তার সহকারী ও অটোরিকশার চালক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের তারো পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিসের টিম লিডার মোশাররফ হোসেন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে তিন নারীর মরদেহ উদ্ধার করেন এবং পুলিশের কাছে হস্তান্তর করেন।