কিশোরগঞ্জের হাওরবেষ্টিত উপজেলা অষ্টগ্রামে প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূলতায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়িয়েছেন জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল। সরকারি দায়িত্বের পাশাপাশি মানবিক দায়বদ্ধতা থেকে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও কৃষকদের দ্রুত পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন।
সম্প্রতি অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়ন সরেজমিনে পরিদর্শন করেন জেলা পরিষদ প্রশাসক। শিলাবৃষ্টি ও অকাল বন্যায় যেসব কৃষকের স্বপ্নের ফসল নষ্ট হয়েছে, তিনি তাদের বাড়ি বাড়ি গিয়ে সরাসরি কথা বলেন। এ সময় হাওরের প্রান্তিক কৃষকরা তাদের হাড়ভাঙা খাটুনির ফসল হারানোর দুঃজনক বিবরণ তুলে ধরলে তিনি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাদের ধৈর্য ধরার আহ্বান জানান।
পরিদর্শন শেষে খালেদ সাইফুল্লাহ সোহেল বলেন, "হাওরের কৃষক আমাদের অর্থনীতির প্রাণ। তাদের এই বিপদে জেলা পরিষদ চুপ করে বসে থাকতে পারে না। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের কাছে দ্রুত সরকারি সহায়তা পৌঁছে দেয়া যায়। জেলা পরিষদের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ বরাদ্দের ব্যবস্থা করা হবে।"
প্রশাসকের এই ত্বরিত পদক্ষেপে এবং সরাসরি মাঠপর্যায়ে উপস্থিত হয়ে পাশে দাঁড়ানোয় অষ্টগ্রামের সাধারণ কৃষকদের মধ্যে আশার আলো সঞ্চার হয়েছে। তারা দ্রুত সরকারি ও জেলা পরিষদের সহায়তা পাওয়ার জন্য প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।