কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখলা ঘাটে কৃষকদের দুর্দশা লাঘবে ফেরিঘাটের ইজারা উন্মুক্ত করার আহ্বান জানানো হয়েছে। এ আহ্বান জানান করিমগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি সাইফুল ইসলাম সুমন।
ভিপি সুমনের বাবা বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি কবির উদ্দিন আহমেদ বীর, তিনি ১৯৭১ সনে একজন কোম্পানি কমান্ডার হিসেবে কিশোরগঞ্জ শহরকে শত্রু মুক্ত করেন । তাঁর সুদক্ষ নেতৃত্বেই কিশোরগঞ্জে স্বাধীনতার পতাকা উত্তোলিত হয়েছিল। উনার হাতেই রাজাকার বাহিনী প্রচুর অস্ত্র-গোলাবারুদ নিয়ে আত্মসমর্পণ করেছিল।
যাদের রক্ত এবং ঘামে কিশোরগঞ্জ জেলায় বিএনপি আজ সগর্বে প্রতিষ্ঠিত তাদের মধ্যে অন্যতম এই বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমেদ।
ভিপি সুমন বলেন, বালিখলা ঘাটটি স্থানীয় কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ মাধ্যম। কিন্তু বর্তমান ইজারা ব্যবস্থার কারণে কৃষকদের পণ্য পরিবহনে অতিরিক্ত খরচ ও নানা ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে। তাই কৃষকদের স্বার্থ বিবেচনায় ঘাটের ইজারা উন্মুক্ত করা জরুরি।
এ বিষয়ে ঘাটের বর্তমান ইজারাদার রনু দরবারীও সম্মতি প্রকাশ করেছেন বলে জানা গেছে। তিনি জানান, কৃষকদের সুবিধার কথা বিবেচনা করে যেকোনো ইতিবাচক সিদ্ধান্তে তিনি সহযোগিতা করবেন।
এদিকে, স্থানীয় কৃষক ও এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা আশা করছেন, ইজারা উন্মুক্ত করা হলে পরিবহন খরচ কমবে এবং কৃষিপণ্য বাজারজাতকরণ আরও সহজ হবে।
স্থানীয়দের মতে দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়া হলে কৃষকদের দুর্ভোগ অনেকাংশে কমে আসবে এবং এলাকার অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।