কিশোরগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার, ২৭ এপ্রিল সকাল আনুমানিক ১০টার দিকে শহরের হারুয়া কলেজ রোড এলাকায় নিজ বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শামীম (৪০) মৃত গিয়াসউদ্দিনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে শামীমের ভাতিজা লিংকন বাসায় প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়।
লিংকন শহরের হারুয়া কলেজ রোড এলাকার মৃত সুলতানের ছেলে।
শামীম ও তার মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, শামীমের পেটে ও পিঠে ধারালো অস্ত্রের চার থেকে পাঁচটি আঘাতের চিহ্ন ছিল। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।
নিহতের মা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে দোকান ও সম্পত্তি নিয়ে শামীম ও লিংকনের মধ্যে বিরোধ চলছিল। তিনি দাবি করেন, লিংকন জোরপূর্বক তাদের সম্পত্তি দখলের চেষ্টা করছিল। এই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।