কিশোরগঞ্জের কটিয়াদীতে ছেলের মৃত্যু সংবাদ শুনে হার্ট অ্যাটাকে মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে কটিয়াদী উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের রায়খলা গ্রামে।
রবিবার, ২৬ এপ্রিল ভোর পৌনে ৬টার দিকে ছেলের মৃত্যু সংবাদ শোনার সাথে সাথে মা মোছাম্মদ জুবাইদা মনি(৮০) মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এর আগে রাত ২টার দিকে গাজীপুরে অবস্থানরত ছেলে আলতাফ উদ্দিন শাহীন বুকে ব্যথা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কটিয়াদী উপজেলার কটিয়াদী উপজেলার রায়খলা গ্রামের হাজী মনির উদ্দিন ও মনিরা দম্পতির ছেলে।
আলতাফ উদ্দিন শাহীন সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি গাজীপুরে বসবাস করছিলেন।
মৃত শাহীনের শ্যালক হাবিব আকন্দ বলেন,চেয়ারম্যানের মা জুবাইদা মনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শাহীনকে খুব ভালোবাসতেন। রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি গাজীপুরে থাকলেও মাকে দেখতে প্রায়ই বাড়িতে আসতেন। ছেলের প্রতি তার গভীর টান ছিল। হয়তো সেই টান থেকেই ছেলের মৃত্যুর শোক তিনি সহ্য করতে পারেননি।
মা ছেলের মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।