ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী এক ঝটিকা অভিযানে ২৫ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব-১৪, ময়মনসিংহ ক্যাম্পের একটি আভিযানিক দল।
রবিবার, ২৬ এপ্রিল গভীর রাতে উপজেলার চৌরাস্তা মোড় এলাকায় একটি প্রাইভেটকার তল্লাশি করে ২৫ কেজি গাঁজাসহ ৪ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি Probox গাড়িও জব্দ করা হয়।
র্যাব-১৪ সিপিএসসি ময়মনসিংহ ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত আনুমানিক দেড়টার কিছু আগে ঈশ্বরগঞ্জ থানার চৌরাস্তা মোড় এলাকায় ওত পেতে থাকে র্যাবের একটি বিশেষ টিম। সন্দেহভাজন একটি Probox গাড়িকে থামিয়ে তল্লাশি শুরু করলে প্রথমে কিছু পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে র্যাব সদস্যরা অত্যন্ত সুক্ষ্মভাবে গাড়িটি পরীক্ষা করেন। একপর্যায়ে গাড়ির বডির ভেতর বিশেষভাবে তৈরি একটি গোপন চেম্বারের সন্ধান পাওয়া যায়, যেখানে অত্যন্ত কৌশলে ২৫ কেজি গাঁজা লুকানো ছিল। এ ঘটনায় ঘটনাস্থল থেকেই চারজনকে আটক করা হয়।
গ্রেফতার ৪ জন হলেন, মো. সাদ্দাম সরকার (৩৩), মোজাম্মেল (২২), মো. আলা উদ্দিন মিয়া (২০) এবং মো. নয়ন সরকার (১৯)। তাদের সকলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
র্যাব সূত্র জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে কৌশলে বিভিন্ন যানবাহনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিল। আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা গাড়ির বডির ভেতরে বিশেষভাবে তৈরি গোপন স্থানে মাদক লুকিয়ে পরিবহন করত।
অভিযানে উদ্ধারকৃত গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত Probox গাড়িটি জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করে তাদেরকে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, মাদক নির্মূলে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দের সচেতনতা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে বলেও জানায় র্যাব সূত্র।