কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা সুখিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের কুশাকান্দা গ্রামে নিজ ঘর থেকে নাছরিন বেগম (৬৩) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পরিবার পরিকল্পনা বিভাগের অবসরপ্রাপ্ত মাঠকর্মী ছিলেন।
বুধবার, ২২ এপ্রিল বিকেল আনুমানিক ৫টার দিকে প্রতিবেশীরা তার ঘরের কাছ থেকে দুর্গন্ধ পেয়ে সন্দেহ করেন। পরে বিষয়টি তার বড় ভাই ডা. এ কে এম শহিদুল্লাহ (৭০) ও অপর ভাই সাবেক মেম্বার মহসিন বাবুল তালুকদারকে জানানো হয়। তারা ঘটনাস্থলে এসে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে মেঝেতে নাছরিন বেগমের ফুলে-পচে যাওয়া মরদেহ দেখতে পান।
মৃত নাছরিন বেগম মৃত ইয়াকুব আলীর স্ত্রী ও মৃত মফিজ উদ্দিন ভূঁইয়ার মেয়ে। তার স্বর্ণা আক্তার (৪৫) ও কথা মনি (২৫) নামের দুই মেয়ে রয়েছেন ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় একাই বসবাস করছিলেন।
স্থানীয় সূত্র জানায়, গত ১৯ এপ্রিল (রবিবার) দুপুর আনুমানিক ২টার দিকে নাছরিন বেগম নিজ বাড়িতে প্রবেশ করেন। এরপর থেকে তার সঙ্গে আর কারো কোনো যোগাযোগ হয়নি এবং কেউ তার খোঁজখবরও নেয়নি।
খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ব্যক্তিগত কিছু কারণে মৃতার সঙ্গে পরিবারের দূরত্ব তৈরি হয়েছিল। পাকুন্দিয়া থানার এসআই সেলিম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।