ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা অত্যন্ত শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনে উপজেলার ৯টি কেন্দ্রে মোট ৫৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
তবে প্রথম দিনের পরীক্ষায় কোনো পরীক্ষার্থী বা শিক্ষক বহিষ্কৃত হওয়ার খবর পাওয়া যায়নি। পরীক্ষা কেন্দ্রগুলোর প্রত্যেকটি হল রুমে সিসি ক্যামেরা স্থাপনসহ প্রশাসনের কড়া নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা গেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, মঙ্গলবার (২১ এপ্রিল) অনুষ্ঠিত পরীক্ষায় মোট ৩ হাজার ২২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ১৬৬ জন উপস্থিত ছিল। অনুপস্থিত ৫৯ জনের মধ্যে সাধারণ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থী রয়েছে।
নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. মফিজুল ইসলাম জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে। সকল কেন্দ্রে অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত জানান, সরকারি নির্দেশনায় নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে ও হল রুমে সিসি ক্যামরা স্থাপন করা হয়েছে। যাতে করে কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা না ঘটে। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগ বদ্ধপরিকর।